রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে সে বিএনপির কেউ নয়। দলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো স্থান নেই। বিএনপি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, অপরাধীদের আশ্রয়স্থল নয়।
শুক্রবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিরগাতী এ কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি গোষ্ঠী ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের মানুষ গণতন্ত্র চায়, লুটপাট নয়।
ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে হেলাল বলেন, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না—এমন ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবার জন্য এই দল খোলা।
তিনি আরও বলেন, দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণে পঞ্জিকা ও পুরোহিতদের মতামতই চূড়ান্ত হওয়া উচিত। এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যেমন ঈদের নামাজ চাঁদ দেখে নির্ধারিত হয়, তেমনি সনাতন ধর্মীয় উৎসবেও ধর্মীয় সিদ্ধান্তই মেনে চলতে হবে।
সভায় অন্য নেতাদের উপস্থিতি
সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রামপ্রসাদ অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল এবং দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু।
এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুবোধ কুমার বিশ্বাস এবং ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সিকদার।
সভা সঞ্চালনা করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর এবং সাধারণ সম্পাদক মো. বাদশা গাজী।
বক্তারা বলেন, বিএনপি একটি জাতীয় ঐক্যের প্রতীক। দল ক্ষমতায় গেলে দেশে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। দলকে চাঁদাবাজ ও দখলবাজদের দখলমুক্ত রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.