কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর থানা প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম।
সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দীন লিটন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সুধীজন। সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।
সভায় জানানো হয়, চলতি বছর কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় মোট ৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় একটি বেশি। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।
সভায় বক্তারা পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং বিদ্যুৎ ও যান চলাচলসহ বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য থানা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। যেকোনো সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে অনুরোধ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.