সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, রাজনীতিবিদরা ক্রিমিনাল।
জেলা আইনশৃঙ্খলার সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এমন কথা বলায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতবোধ করেন। বিষয়টি বুঝতে পেরে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে একটু সংযোজন করে বলেন, কিছু রাজনীতিবিদদের ক্রিমিনালীর চালে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হয় না। রোববার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা,সেনা কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ, প্রেসক্লাবের প্রতিনিধি, জামায়াত -বিএনপির নেতৃবৃন্দ, জেলার সাবেক ছাত্র সমন্বয়কসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় জেলা প্রশাসক আরো বলেন, শুক্রবারের জুমার নামাজে আরবি খুতবার স্পষ্ট মানে করে তা বাংলায় পড়তে হবে। যে সকল ক্লিনিক কর্তৃপক্ষ লাইসেন্স নবায়নের আবেদন করেনি, মোবাইল কোর্টের মাধ্যমে ওইসব ক্লিনিক স্থায়ীভাবে বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ডিজিটাল হাজিরার নিয়ম চালু করতে হবে।
এছাড়া, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি খাসজমি উদ্ধার, বৃক্ষ নিধনে মামলা, স্কুল কোচিং বন্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একাধিক সদস্য জানান, সাবেক জেলা সমন্বয়ক আরাফাত হোসাইন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়ে দূর্নীতির চিত্র তুলে ধরেন। আরেক সমন্বয়ক মোহিনী সাতক্ষীরা -শ্যামনগর সড়কের বেহাল চিত্র তুলে ধরে কর্মকর্তাদের বলেন, প্রাইভেট, জীপ ছেড়ে দিয়ে চলেন আমরা সবাই ইজিবাইক বা অন্যান্য যানবাহনে শ্যামনগর যাই। তাহলেই বুঝবেন সাতক্ষীরা -শ্যামনগর সড়কের বাস্তব অবস্থা। দীর্ঘদিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও তা সংস্কার হচ্ছে না।
এদিকে, জেলা প্রশাসকের অনেক কর্মকান্ড ইতোমধ্যে জনসাধারণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিনিধি মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রতি মাসে সভা হয়। অনেক ভালো ভালো কথা হয়, পরিকল্পনা তুলে ধরা হয়। কিন্তু বাস্তবায়ন হয়না।
রাজনীতিবিদদের ক্রিমিনাল বলার বিষয়ে আইন শৃঙ্খলার সভায় উপস্থিত একজন দলীয় নেতা মুঠোফোনে বলেন, জেলা প্রশাসকের এমন মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। তাকে আলাদাভাবে বলা হয়েছে, এমন ধরনের বক্তব্য না দেওয়ার জন্য।
তবে, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে জেলা প্রশাসকের বক্তব্যের কিছুটা ম্যানেজ করার চেষ্টা করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতিবিদসহ সকলে মিলে মিশে রাষ্ট্রের মঙ্গলে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সফল রাষ্ট্র গড়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.