অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ২টি ট্রলিং বোট, ১০ পিস বেহুন্দী জাল (আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা) ও ১২ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত বোট, জাল ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.