খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রীদের নবীনবরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে একদিকে যেমন নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, অন্যদিকে দীর্ঘদিনের দায়িত্ব পালনের পর বিদায় নেওয়া একাডেমিক সুপারভাইজারকে দেওয়া হয় সম্মাননা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন এবং কলেজের শিক্ষকবৃন্দ—আব্দুল্লাহ আল মামুন, মো. তরিকুল ইসলাম কাজী, রবিউল ইসলাম, রানা সর্দার, কবির শিকদার, ছালাম শিকদার, শাহাবুদ্দিন শিকদার, খোকন শেখ ও আনিচ শেখ।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“এই কলেজ শুধু পাঠদানের স্থান নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের উচিত হবে জ্ঞানার্জনের পাশাপাশি নেতৃত্ব ও নৈতিকতা গড়ে তোলা।”
বিদায়ী বক্তব্যে সাহেলা সুলতানা বলেন,
“তেরখাদায় দায়িত্ব পালনের সময়টা আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। শিক্ষাক্ষেত্রে কাজ করার সুযোগ ও স্থানীয় সকলের সহযোগিতার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠানে বিদায়ী সুপারভাইজারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীন ছাত্রীদের মাঝে বিতরণ করা হয় শুভেচ্ছা উপহার। সার্বিকভাবে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.