আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১৫২নং গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের পাশের সড়কে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আহসান হাবিব, আজহারুল সরদার, মাওলানা রফিকুল ইসলাম, বাদশা ইমরান, আলিম সরদার ও শফিকুল ইসলাম প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আনারুল ইসলাম বিদ্যালয় চলাকালীন সময়ে বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ের টিন, ল্যাপটপ, কাঠ, পানির ট্যাংকসহ বিভিন্ন সামগ্রী নিজের বাড়িতে নিয়ে গেছেন, যা এখনও ফেরত আনেননি।
বক্তারা আরও জানান, পরীক্ষার ফি ও কাব স্কাউটের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। প্রতিবছর পুরাতন বই, খাতা, কাগজ, লোহার দরজা, টিন বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা দৃশ্যমান কাজ না করে ভুয়া ভাউচার দেখিয়ে তুলে নেন।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ায় পাঠদান বন্ধ হয়ে যায়। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে শিক্ষকরা অফিসে বসে অলস সময় কাটান।
বক্তারা দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী শিক্ষককে দ্রুত বদলি করে একজন সৎ, কর্মঠ, যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.