রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাবুর বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আবু হোসেন বাবুর স্ত্রী বলেন, “আমার স্বামীকে খাবার খাওয়াচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের শব্দ শুনি। আমার দেবর বাইরে গেলে তখন গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”
দলীয় সূত্র জানায়, স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন আবু হোসেন বাবু। ঘটনার সময় তিনি পরিবারের সঙ্গেই বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রূপসার বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.