জামালপুর প্রতিনিধি
জামালপুরে টানা বৃষ্টির কারণে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে শহরের বেশ কয়েকটি সরকারী স্থাপনা।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে শহর রক্ষা বাঁধের প্রায় ২০ ফুট জায়গাজুড়ে ধসে পড়েছে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক।
ধসে পড়া জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ভাঙনের কবলে পড়া বাঁধটি দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান।
জানা গেছে, গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণের ফলে চুঁইয়ে পানি পড়ার কারণে বাঁধের জায়গা থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়। প্রথমে ছোট গর্ত হলেও পরে তা বড় গর্তের আকার ধারণ করে। মঙ্গলবার বিকেলে হঠাৎ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক ধসে প্রায় ২০ ফুট জায়গায় গর্ত হয়ে যায়। এতে সাধারণ পথচারীদের চলাচলে অসুবিধা দেখা দেয়।
নাওভাঙ্গা চরের এলাকাবাসী জানান, রাস্তা দিয়ে চলাচল করার সময় বিভিন্ন যানবাহনের কারণে চলতে ভয় হয়। এজন্য আমরা শহর রক্ষা বাঁধ দিয়ে চলাচল করি। আজ হঠাৎ করেই বাঁধে ভাঙন দেখা দেয়। আমাদের চলাচলের খুব সমস্যা হয়েছে। বাঁধটি দ্রুত মেরামতের দাবি জানাই।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ককে ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য ২০১৩ সালে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ সংলগ্নে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপার (এসপি) বাসভবন, পুলিশ সুপার কার্যালয়, পৌরসভা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে ।প্রায় এ ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই বাধ নির্মাণে ব্যয় হয়েছে একান্ন কোটি টাকা।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, কয়েক দিন যাবত ভারী বৃষ্টির কারণে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু এটা জনগনের চলাচলের রাস্তায় হিসেবে ব্যবহৃত হয় তাই দ্রুত সময়ের মধ্যে এই রক্ষা বাধটি মেরামত করে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.