দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে ছাত্র-ছাত্রীরা সঠিক পথে গড়ে উঠবে এবং জাতি আলোকিত হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বইয়ের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা সবাইকে মুগ্ধ করেন।
অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করে এবং নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করার অনুপ্রেরণা জোগায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.