
শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক আনিছুর রহমান।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জগতে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে উৎসাহিত করতে হবে। ক্রীড়া মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মবিশ্বাস গড়ে তোলে, দলগতভাবে কাজ করতে শেখায় এবং ভবিষ্যতের জাতি গঠনে বড় ভূমিকা রাখে। আগামী দিনে এখান থেকেই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে।”
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী তৌহিদ হাসান প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনের পর কুচকাওয়াজ, দৌড়, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, সহকারী রেফারি হিসেবে ছিলেন লালটু ইসলাম ও আব্দুর রাশেদ। এছাড়া শিক্ষকদের মধ্যে শহিদুল ইসলামও খেলা পরিচালনায় সহায়তা করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.