শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারী উপজেলার বিশিষ্ট সমাজসেবক, চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী কমরেড বীর রসময় বিশ্বাস (৭৮) আর নেই। আজ (বুধবার) সকাল সাড়ে ৮টায় খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের পীরেরাবাদে তাকে সমাহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কমরেড রসময় বিশ্বাস দীর্ঘদিন মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট মেয়ে রুলি বিশ্বাস বর্তমানে গোপালগঞ্জে এডিসি হিসেবে কর্মরত। মেঝ মেয়ে অদিতি বিশ্বাস পিরোজপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। বড় মেয়ে লুনা বিশ্বাস শিক্ষক হিসেবে বরিশালে কর্মরত। একমাত্র ছেলে রাজু বিশ্বাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। স্ত্রী শিখা রানী হালদার অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
কমরেড রসময় বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন—চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির কন্ট্রোল কমিশন সদস্য কাজী সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফররুক হাসান জুয়েল, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক পংকজ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম পায়েল। এছাড়া চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান বাবুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.