কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রবি ঘোষকে আবারও গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রবি ঘোষ পৌর এলাকার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, রবি ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও সে মাদক মামলায় গ্রেফতার হয়ে এক বছরের সাজা ভোগ করেছে। জেল থেকে বের হয়ে সে আবারও একই কাজ শুরু করে। ওসি আরও বলেন, "রবি ঘোষের কারণে এলাকার যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অসংখ্য যুবক তার কাছ থেকে মাদক কিনে নিজেদের জীবন নষ্ট করছে।" স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছে বলে তিনি জানান।
ওসি শাহজালাল আলম বলেন, "যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রবি ঘোষের মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা যেকোনো মূল্যে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত করব।"
স্থানীয়রা রবি ঘোষের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন এবং তার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
গ্রেফতারের পর রবি ঘোষকে আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে ফরিদপুর আদালতে হাজির করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.