নোয়াখালী প্রতিনিধি
জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্যাহ খোকন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাকিব ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল, নারী নেত্রী ফাতেমা সুইটি এবং নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক মো. শরীফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত জুলাই জাতীয় সনদ–২০২৫-এর চূড়ান্ত ভাষ্যে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব করা হলেও নোয়াখালীর নাম অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আইনি নোটিশ পাঠান।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, নোয়াখালী বিভাগ না থাকায় এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের মতামত না নিয়ে, কোনো গণশুনানি বা মতবিনিময় সভা ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিপন্থি। তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
সংগ্রাম পরিষদ এবং নোয়াখালীবাসী এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.