রাসেল আহমেদ খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ও সাচিয়াদাহ ইউনিয়নে নির্মিত দুটি ভূমি অফিস ভবন দীর্ঘ তিন বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখন পর্যন্ত সেখানে কোনো প্রকার সরকারি কার্যক্রম শুরু হয়নি। ফলে স্থানীয় জনগণকে জমি সংক্রান্ত সেবা নিতে উপজেলা সদর পর্যন্ত যেতে হচ্ছে, যা সময় ও অর্থ ব্যয় বাড়ানোর পাশাপাশি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ছাগলাদহ ও সাচিয়াদাহ ইউনিয়নে দুটি পৃথক ভূমি অফিস ভবন নির্মাণ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ নির্ধারিত সময়েই শেষ করে ভবন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পার হলেও ভবন দুটি এখনও ব্যবহারের বাইরে রয়ে গেছে।
ছাগলাদহ ইউনিয়নে নতুন ভবন থাকলেও ভূমি অফিসের কার্যক্রম এখনও পরিচালিত হচ্ছে পাশের বারাসাত ইউনিয়নের কার্যালয় থেকে। অন্যদিকে, সাচিয়াদাহ ইউনিয়নের ভবনটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ইউনিয়ন পর্যায়ে সেবা চালু না থাকায় এই দুই ইউনিয়নের মানুষ জমির খতিয়ান, নামজারি, মিউটেশন, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন কাজের জন্য উপজেলা ভূমি অফিসে যেতে বাধ্য হচ্ছেন, যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য।
এই দুই অফিসে কার্যক্রম শুরু না হওয়ার মূল কারণ জনবল সংকট। এ বিষয়ে তেরখাদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ জানিয়েছেন, “ছাগলাদহ ও সাচিয়াদাহ ইউনিয়নে ভূমি অফিস চালুর জন্য ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।”
এদিকে, উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভবন দুটি নির্ধারিত নকশা ও মান অনুযায়ী নির্মাণ করে যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে। কিন্তু দাপ্তরিক কার্যক্রম শুরু না হওয়ায় ভবন দুটি এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারের ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা পৌঁছে দেওয়ার যে উদ্দেশ্য, তা কার্যকর হয়নি। দ্রুত জনবল নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম চালুর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের সেবা সচল করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.