কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ এক বিশাল মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী বাজার থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি পিরোলী বাজার থেকে শুরু হয়ে শিঙ্গাশোলপুর, গোবরা, মির্জাপুর, চাকই, মধুরগাতী, বিছালী, শেখহাটি, নড়াইল সদর হয়ে ভদ্রবিলা, বাঁশগ্রাম ঘুরে পাঁচগ্রামে এসে শেষ হয়। পুরো পথজুড়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
পথসভাগুলোর একাধিক স্থানে বক্তব্য রাখেন প্রার্থী মাও. আব্দুল আজিজ। তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে হিন্দু-মুসলিম সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এখানে 'সংখ্যালঘু' বলে কোনো শব্দ থাকবে না। সবাই মিলেই গড়ব অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
এই আয়োজনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ হেলালউদ্দীন মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন প্রমুখ।
কালিয়া থানা ও নড়াগাতী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ ইসলামী আন্দোলনের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই গণসংযোগে অংশগ্রহণ করেন।
সার্বিকভাবে শোভাযাত্রা ও কর্মসূচি পরিচালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা শাখার সহ-সভাপতি হাফেজ খবির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.