গৌরনদী (বরিশাল), প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, "ধর্মবিশ্বাসকে উত্তেজিত করার জন্য আমরা নোংরা রাজনীতি করি। মসজিদ, মন্দির ও গির্জাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।"
তিনি বলেন, "মন্দির ভেঙে মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয় — এসব চক্রান্ত প্রকৃতপক্ষে ধর্মীয় নয়, বরং স্বার্থান্বেষী কিছু ব্যক্তির রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা। ইসলাম হোক বা অন্য যে কোনো ধর্ম, কোথাও এমন কাজকে সমর্থন করা হয়নি। পবিত্র কোরআন, মসজিদ, মন্দির কিংবা গির্জাকে যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তবে ধর্মপ্রাণ মানুষ অবশ্যই তা বুঝতে পারবে এবং প্রত্যাখ্যান করবে।"
তিনি এ মন্তব্য করেন বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায়।
রবিবার সকালে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দুলাল রায় দুলু।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নির্মল হালদার এবং সাধারণ সম্পাদক মানিক আচার্য।
সভায় বক্তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.