
জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মোঃ শিহাব উদ্দীন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ড. শিহাব উদ্দীন বলেন, “আমি সাতক্ষীরা সিটি কলেজের বর্তমান অধ্যক্ষ। অথচ বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে জানতে পারলাম, ‘পাওনা টাকা চাইতে গিয়ে আশাশুনিতে অধ্যক্ষ অপদস্ত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে আমাকে জড়িয়ে আশাশুনি প্রেস ক্লাবে দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গৌরপদ মন্ডল যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
তিনি জানান, ০১ ডিসেম্বর ২০২২ তারিখে তিনি বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ছিলেন এবং ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে পদত্যাগপত্র দিয়ে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা সিটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অতএব, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়েই তার সম্পৃক্ততা থাকার কথা নয়।
অধ্যক্ষ শিহাব উদ্দীন আরও বলেন, “গৌরপদ মন্ডল যে দাবি করেছেন তিনি সভাপতির নিকট টাকা দিয়েছেন – সেটা আমার জানার বিষয় নয়। অথচ এই দাবির সূত্র ধরে আমাকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন।”
তিনি অভিযোগ করেন, গৌরপদ মন্ডল ২০ সেপ্টেম্বর তার বাড়িতে এসে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং পরে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। এমনকি ‘অসৌজন্যমূলক আচরণের’ যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা বলে দাবি করেন ড. শিহাব উদ্দীন।
সংবাদ সম্মেলনে তিনি এসব কাল্পনিক অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এটি একটি পরিকল্পিত চক্রান্ত, যার মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।” এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.