
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাজীপুর জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলাজুড়ে ৩৬০টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা নজরদারি ইউনিট, স্ট্রাইকিং রিজার্ভ ও সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এসব তথ্য জানান।
তিনি বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সার্বজনীন উৎসব। এই পূজা আমাদের আনন্দ, সম্প্রীতি এবং সহাবস্থানের প্রতীক। কেউ যেন গুজব বা অপপ্রচারের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ মিথ্যা বা উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। মাঠপর্যায়ে কোনো অপতৎপরতা নজরে এলে পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার জানান, পূজা মণ্ডপগুলোতে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ইতোমধ্যে ৫০ শতাংশ মণ্ডপ সিসিটিভির আওতায় এসেছে। বাকি মণ্ডপগুলোও দ্রুত পর্যবেক্ষণের আওতায় আনা হবে এবং এসব ক্যামেরা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।
পুলিশের প্রস্তুতির পরিসংখ্যানে উল্লেখ করা হয়—
বিট ভিত্তিক হোন্ডা মোবাইল টিম থাকবে ৪৮টি (দুই পালায় ৯৬টি), যেখানে দায়িত্বে থাকবেন ১৯২ জন
গুরুত্বপূর্ণ মণ্ডপে নিরাপত্তায় থাকবেন দুই পালায় ৪৮ জন
জেলার ৩টি ইসকন মন্দিরে অতিরিক্ত ১৫ জন
মোবাইল ডিউটিতে ৯০ জন (দুই পালায় ৪৫০ জন)
স্ট্রাইকিং ডিউটি ১০টি (১০০ জন)
স্ট্যান্ডবাই ডিউটি ১০টি (১০০ জন)
সাদা পোশাকে কাজ করবেন ৪০ জন
সব মিলিয়ে মোট ৯৪৫ জন অফিসার-ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান।
পুলিশ সুপার ড. যাবের সাদেক গাজীপুরবাসীর উদ্দেশে বলেন, “ধর্মীয় উৎসব মানুষকে বিভাজিত নয়, বরং ঐক্যবদ্ধ করে। সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা যেন হয় শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময়—এই প্রত্যাশা করছি। পুলিশ আপনাদের পাশে আছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.