গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে লাবিবা পরিবহন যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার মাহিলাড়ার মোল্লাবাড়ি নামক স্থানে সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আব্দুল কাদের মধুমতি ব্যাংক বরিশাল শাখার কর্মচারী ও পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামে বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজেল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের স্বরূপকাঠি লাবিবা পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার মোল্লাবাড়ি এলাকা অতিক্রমকালে মোটরসাইকেল চালককে চাপা দেয়। এ সময় আব্দুল কাদেরের কোমর থেকে দেহটি বিচ্ছিন্ন হয়ে দুই ভাগে বিভক্ত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.