
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর বলভদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ব্রিজসংলগ্ন বলভদ্র নদীর চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল ইসলাম বিশাল ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশাল ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন রোববার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকালে স্থানীয়রা নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। নিহত যুবক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.