মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেনু বেগম একই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর মৃত্যুর পর একা বসবাস করছিলেন। দুই মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে এবং একমাত্র ছেলে চাকরির সুবাদে রাজধানী ঢাকায় অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে রেনু বেগমের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ঘরের ভেতর তাকিয়ে দেখা যায়, রেনু বেগম রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুটের সময় রেনু বেগম দেখে ফেলায় তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,
“নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চোরচক্র সম্পৃক্ত থাকতে পারে। সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.