এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের আওতায় অধিগ্রহণকৃত জমির বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।
একই দিনে তারা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকটও অনুরূপ স্মারকলিপি পাঠান।
স্মারকলিপিতে জানানো হয়, ২০১১-১২ অর্থবছরে কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হয়। এতে ১৫৬২ একর জমিতে ছয় বছর ধরে জোয়ার-ভাটা কার্যক্রম পরিচালিত হলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাত্র দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি চার বছরের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে প্রায় ৪৮ কোটি টাকা।
ভুক্তভোগীদের অভিযোগ, ছয় বছর ধরে ফসল উৎপাদন করতে না পারায় তারা ব্যাপক আর্থিক সংকটে পড়েছেন। দেখা দিয়েছে কর্মসংস্থানের অভাব, শিক্ষার ব্যাঘাত ও চরম ঋণগ্রস্ততা। অনেকে মানবেতর জীবন যাপন করছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, ক্ষতিপূরণ না পাওয়ায় পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে কপোতাক্ষ নদে আবারও পলি জমে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে এবং জলাবদ্ধতা বাড়ছে। একই সঙ্গে অন্যান্য এলাকাতেও টিআরএম বাস্তবায়নে অনীহা দেখা দিচ্ছে।
ভুক্তভোগীরা অবিলম্বে তাদের বকেয়া ক্ষতিপূরণ পরিশোধ এবং কপোতাক্ষসহ অন্যান্য নদীর নাব্যতা রক্ষায় টিআরএম কার্যক্রম পুনরায় চালুর জন্য সরকারের উচ্চপর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.