রায়হান আহমদ,যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে নতুন রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ২ হাজার ৫শ টাকা করে মোট ৩০ হাজার টাকা ফেলোশিপ পাবেন। এছাড়া, যারা দুই বছরের মাস্টার্স কোর্সে (রিসার্চ মাস্টার্স) অংশগ্রহণ করবেন, তারা ১৮ মাস পর্যন্ত মাসিক ৩ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা ফেলোশিপ পাবেন। তবে ফেলোশিপ পাওয়ার শর্ত হিসেবে শিক্ষার্থীদের কমপক্ষে একটি গবেষণাপত্র প্রকাশ করতে হবে।
২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মজিদ এসব তথ্য জানান। তিনি বলেন, যবিপ্রবি গবেষণার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফট ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)’ এর আওতায় প্রায় ৩০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে যা বর্তমানে চলমান রয়েছে।
এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। সেমিনার, কনফারেন্সসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধির জন্য। সিএসই বিভাগের জন্য নতুন একাডেমিক ভবন, ইনকিল সেন্টার ও উন্নতমানের ল্যাব নির্মাণের কাজও চলছে। এই প্রকল্প সফল হলে যবিপ্রবি তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, বাংলাদেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এই প্রকল্প পেয়েছে। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি)’ যাত্রা শুরু করেছে। এখানে শিক্ষার্থীরা ইংরেজিসহ জাপানি, চায়নিজ, জার্মান, অ্যারাবিক, কোরিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা শিখতে পারবে এবং সফট স্কিল উন্নয়নে প্রশিক্ষণ পাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যশোর শহরে সেন্টারের একটি শাখা খোলার পরিকল্পনা করছে, যাতে অন্য শিক্ষার্থীরাও সুবিধা নিতে পারে। পাশাপাশি বেকারত্ব কমাতে ‘ইনোভেশন অ্যান্ড স্টার্ট-আপ সাপোর্ট সেল’ গঠন করা হয়েছে। সফল উদ্যোক্তাদের জন্য দুই বছর বিনা মূল্যে অফিস সার্ভিসের ব্যবস্থা থাকবে, যা দেশের প্রথম।
বিশ্ববিদ্যালয়ে ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ ও ‘অ্যাক্রেডিটেশন সাপোর্ট সেল’ গঠিত হয়েছে, যা বিভাগগুলোর আন্তর্জাতিক মান অর্জনে সহায়তা করবে।
শিক্ষার্থীদের দাবিতে নতুন হল চালু করা হয়েছে, লিফট সমস্যা সমাধান হয়েছে, এবং হলের ডাইনিং সুবিধা আধুনিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাস্তা, ফুটপাত সংস্কার, পরিবহন সমস্যা সমাধানসহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুনরায় চালু হয়েছে।
ভেটেরিনারি মেডিসিন অনুষদে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে পেশাদার স্বীকৃতি পাওয়া গেছে, যা শিক্ষার্থীদের জন্য বড় অর্জন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর হোসেন আল মামুন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ সহ যশোরের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.