শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত মোল্লা (২৮) নামে এক রক্ত যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আরাফাত উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কালাম মোল্লার ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
আরাফাত রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও একজন নিয়মিত রক্তদাতা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া এলাকায় নতুন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি এপাচি ফোরভি দ্রুতগতির মোটরসাইকেলে তার সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আরাফাতের মাথা ও দেহ নতুন ব্রিজের রেলিং এর সাথে সজোড়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় তার মরদেহ ফ্রিজিং গাড়িতে নিজ বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। বিকাল ৩টার দিকে বাড়ির পাশে পূর্ব তেনাপঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন জানান, আরাফাত তাদের সংগঠনের একজন নিয়মিত রক্তদাতা ছিল। জরুরি মূহুর্তে তার দেয়া রক্তে অনেক অসহায় মানুষের জীবন বেঁচে গেছে। রক্ত স্বল্পতায় ভোগা অনেক রোগী সুস্হ্য জীবন ফিরে পেয়েছে। অনেক প্রসুতির সিজারিয়ান অপারেশন হয়েছে তার দেয়া রক্তে। পৃথিবীর মুখ দেখেছে নতুন শিশু । কিন্তু দূর্ভাগ্যজনক বিষয় হলো সে নিজেই আজ অতিরিক্ত রক্তক্ষরনে মারা গেল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাাতে পারলাম না। তার শোকাতুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো ছাড়া আমাদের এখন কিছুই করার নেই। বিষয়টি আমাদের জন্যও খুব বেদনাদায়ক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.