মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে। বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “টাইফয়েড একটি মারাত্মক রোগ, যা দুষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি জটিল আকার ধারণ করতে পারে। এ থেকে রক্ষা পেতে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। টিকা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা কার্যত ২০ কর্মদিবস চলবে। এর মধ্যে ১০ দিন স্কুলভিত্তিক এবং ৮ দিন কমিউনিটি পর্যায়ে কার্যক্রম চলবে।
ক্যাম্পেইনের আওতায় জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৩,৬২,১৭৭ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলার ১,৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ২,৪৭,২৫০ জন শিক্ষার্থী এবং ১,০৬২টি কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১,১৪,৯২৭ শিশুকে টিকা প্রদান করা হবে।
এর আগে জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন।
কর্মশালায় পঞ্চগড়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তর প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.