নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী দুই সন্তানের জননী। মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। আগের স্বামী মাসুদ রানা তাকে তালাক দেওয়ার পর তিনি ঢাকায় গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। ঢাকায় থাকাকালীন পরানপুর মৎস্যজীবীপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। তবে দুই সপ্তাহ আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার রাত ৯টার দিকে তাকে হলুদঘর গ্রামের মোড়ে কয়েকজন যুবকের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর আজ সকালে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে পাখির স্বামী তাইজুল ইসলাম ও তার পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। প্রাথমিক ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.