কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক এম এ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, বিদ্যালয়ের বর্তমান সভাপতি হাদিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।” তারা যোগ্য শিক্ষক, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বুলিং ও সহিংসতা প্রতিরোধ, দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সভায় অভিমত দেওয়া হয় যে, সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত শিক্ষার মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অতিথিরা আশা প্রকাশ করেন, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.