দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী জেলার ই-নামজারি সেবায় শীর্ষস্থানে অবস্থান করছে দুর্গাপুর উপজেলা ভূমি অফিস। প্রান্তিক মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে এ ভূমি অফিস।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা কার্যক্রমের অংশ হিসেবে নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটালাইজড। ফলে সাধারণ জনগণ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সেবা পাচ্ছেন। দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের প্রায় ৭০ শতাংশই ই-নামজারি সেবা গ্রহণ করেন।
তথ্যচিত্র অনুযায়ী, এ বছর দুর্গাপুর উপজেলায় গড় নিষ্পত্তি সময় মাত্র ১১ দিন, যা রাজশাহী জেলায় সর্বনিম্ন। গত কয়েক বছর ধরেই নিষ্পত্তির এই দক্ষতায় দুর্গাপুর ভূমি অফিস প্রথম স্থানে রয়েছে।
সেবা নিতে আসা ঝালুকা গ্রামের সোহরাফ আলী জানান, অনলাইনে আবেদন করার তিন দিনের মধ্যেই তিনি ই-নামজারি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। তিনি বলেন, “অতীতের হয়রানির ঘটনা এখন ইতিহাস। খুব সহজেই এই অফিসে সব ধরনের সেবা পাওয়া যায়।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক আমরা জনগণকে হয়রানিমুক্তভাবে নির্ধারিত সময়ে সেবা দেয়ার চেষ্টা করছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.