রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতা-কর্মীদের মাঝে। নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে এম সাইফুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল রকিব মল্লিক নির্বাচিত হন।
২০০৯ সালের পর এই প্রথম সম্মেলন হওয়ায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন। দুপুর আড়াইটায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। বিকাল সাড়ে ৫টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হয়, যেখানে ২৮৪ জন কাউন্সিলরের মধ্যে ২৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী ভোট দিতে পারেননি বলে জানা গেছে।
ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে এম সাইফুর রহমান মিন্টু ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে তালা প্রতীক নিয়ে আব্দুল রকিব মল্লিক ২৪০ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হন—মোল্লা নাজমুল হক (সিলিং ফ্যান) ১৬০ ভোট এবং মোল্লা মনিরুজ্জামান (দেয়াল ঘড়ি) ১১৯ ভোট পেয়ে। বাকি প্রার্থীদের মধ্যে জিয়াউর রহমান (ঘোড়া) ২০, মো. আকিদুল শরীফ (আপেল) ৯৬, শরীফ ইমাদুল (টিয়া পাখি) ৪৯ এবং হাসিবুল হোসেন সাদ্দাম (চশমা) ৫৭ ভোট পান।
সাত সদস্যের নির্বাচন কমিশন এ নির্বাচনে দায়িত্ব পালন করে, যার নেতৃত্বে ছিলেন এড. চৌধুরী আব্দুস সবুর।
সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, সেলিম রেজা, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, অহিদুজ্জামান রানা, সাজ্জাদ হোসেন, আলামিন মোল্লা ও জহিরুল ইসলাম।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে দিঘলিয়া উপজেলার হাটবাজার, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামীণ জনপদেও নির্বাচনী আমেজ দেখা যায়। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান ভোটারদের কাছে।
নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.