গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরমঞ্চে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের বরিশাল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা শাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।
বক্তারা বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের পর ২৪-এর আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা দিয়ে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানো প্রয়োজন। বিগত ৫৪ বছর ধরে নির্বাচনে পুতুল খেলা চলছে, আমরা তা চাই না। জনগণের ভোট অনুযায়ী সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এজন্যই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর আমীর হাবিবুর রহমান ফোরকান, গলাচিপা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামিম, পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতানসহ স্থানীয় নেতা-কর্মীরা। এছাড়া ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.