মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে আলোচিত বৃদ্ধা রানু বেগম (৬০) হত্যা মামলার প্রধান আসামি কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৮ সিপিসি ৩। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাচ্চর ইউনিয়নের চরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়া পাড়ার মৃত কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে তিনি শিবচরের যাদুয়রচর এলাকায় বসবাস করছিলেন।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে রাসেল হত্যার দায় স্বীকার করেছে। প্রায় ৯ মাস আগে তিনি পরিবারসহ নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। এ সময় বাড়িতে চুরি হওয়ার ঘটনায় রানু বেগম তাকে সন্দেহ করায় উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে বাসা ছেড়ে গেলেও ক্ষোভ মনে জমে ছিল।
পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর রাতে রাসেল গোপনে রানু বেগমের রান্নাঘরে লুকিয়ে থাকে। ভোরে সুযোগ বুঝে ধারালো কাঁচি দিয়ে হাত ও গলায় আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর তিনি ঘর থেকে এক জোড়া কানের দুল, দুটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫২০ টাকা ও একটি রাইস কুকার লুট করে পালিয়ে যান। পরে একটি মোবাইল ফোন ও কানের দুল বিক্রি করে দেন বলে র্যাবকে জানান।
র্যাব তার কাছ থেকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করেছে। আসামিকে থানায় আনার পর নিহত রানু বেগমের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিবচর থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে হত্যা মামলা চলমান রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.