মাদারীপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরে মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার ব্যস্ততা। প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রঙ তুলি ও অলঙ্করণ। জেলার পাঁচটি উপজেলায় এ বছর মোট ৪৩৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, রাজৈর উপজেলায় সর্বাধিক ২৬২টি মন্ডপে পূজা হবে। এছাড়া শিবচরে ৪০টি, কালকিনিতে ৪১টি, ডাসারে ২৩টি এবং সদরে ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা গোয়েন্দা পুলিশ ইতোমধ্যেই ৮৮টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ১১৭টি মন্ডপকে গুরুত্বপূর্ণ এবং ২৩০টি মন্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পরিসমাপ্তি ঘটবে। এ বছর দেবী দুর্গা গজে চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল জানান, “শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পূজা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোষাকধারী পুলিশ, ডিবি, র্যাব, সেনা সদস্য ছাড়াও প্রতিটি মন্ডপে আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।”
সরেজমিনে দেখা গেছে, প্রতিমার সাজসজ্জায় ভিন্ন ভিন্ন রূপে সজ্জিত হচ্ছে প্রতিটি মন্ডপ। ভক্তরা আশা করছেন, দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবার পৃথিবীতে সুখ ও শান্তির বার্তা বয়ে আনবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.