বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর–সাতক্ষীরা মহাসড়কের উলাশি গিলাপোল মোড়ে শতশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মামলাটিকে “ভিত্তিহীন ও সাজানো” বলে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মনিরুল ইসলাম দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। তারা অভিযোগ করেন, তার চারিত্রিক বা সামাজিক কোনো ত্রুটি কখনো প্রমাণিত হয়নি। তাই ভিত্তিহীন মামলায় তাকে কারাগারে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী দাবি জানায়, সাংবাদিক মনির একজন ন্যায়পরায়ণ, পরহেজগার ও জনবান্ধব মানুষ। তার মুক্তির দাবিতে তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশি ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে বলৎকারের অভিযোগে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করে সাংবাদিক মনিরুল ইসলাম মনিরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে মামলার প্রকৃত সত্য উদঘাটন ও সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.