ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “হাত পাখা দিয়ে ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। তিনি একসময় বলেছিলেন, জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। অথচ এখন নিজেই জামায়াতের সাথে ঐক্য করে সেই বিষ শরীরে মেখেছেন। নিজের কথায় নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়াতের বিষ তাঁর কাছে অমৃত সুধায় পরিণত হয়েছে।”
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এছাড়া বিকেলে তিনি পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে পূজার প্রস্তুতি অবলোকন করেন। এর আগে সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যার কথা শোনেন। পরে তিনি গোয়াতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও সহযোগিতা প্রদান করেন।
ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মিজানুর রহমান মনিক সভাপতি, শামীম মিয়া সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, আব্দুস শহীদ তালুকদার সহ-সভাপতি এবং সাইফুল ইসলাম বুলবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.