কুষ্টিয়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মূলভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যা বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেন না। সত্য যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার মূল কাজ।
শনিবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, “গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর সমাজে শান্তি আনে, আর মিথ্যা খবর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই সাংবাদিকদের নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু। সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন দফতর সম্পাদক আবু বকর।
এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক আবু বকর সিদ্দিক, নুরুন্নবী বাবু, এম এ জিহাদ, প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর, খালিদ হাসান সিপাই, এনামুল হক, মোস্তাফিজুর রহমান মঞ্জু, মাহফুজ উর রহমান, মজিবুল শেখসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিএফইউজে মহাসচিব আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তারা মানবতার অতন্দ্র প্রহরী ও সমাজ-রাষ্ট্রের ‘ওয়াচডগ’। সমাজের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে জাগ্রত করতে সাংবাদিকরা আলোর প্রদীপ জ্বালান।"
তিনি গণমাধ্যম মালিকদের প্রভাব, দলদাস সাংবাদিকতা, সাংবাদিক নির্যাতন, আইনি হয়রানি, বেতন বৈষম্যসহ নানা সমস্যা তুলে ধরে এর সমাধানে কার্যকর নীতিমালা ও আইনি সুরক্ষার দাবি জানান।
সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাদের গনি চৌধুরী সংবাদপত্রের বিজ্ঞাপন রেট বাড়ানো, কর কমানো, নিউজপ্রিন্টে ভ্যাট-কর প্রত্যাহারসহ বিভিন্ন প্রণোদনার দাবিও জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.