শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বাগেরহাটের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের চন্ডির ভিটায় দুর্গা মন্দিরে। এই মণ্ডপে তৈরি করা হয়েছে ২০০ দেব-দেবীর প্রতিমা। রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আনুষ্ঠানিকতার পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই মণ্ডপে।
বড় পরিসরে চন্ডির ভিটায় এ পূজার আয়োজন করায় জেলা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এখানে দুর্গাপূজার প্রতিমাগুলোর সঙ্গে বাড়তি প্রতিমা স্থাপন করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।
পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এছাড়া দেশের পাশ্ববর্তী জেলা ও উপজেলা থেকেও অনেকেই আসছেন। পিরোজপুর থেকে চন্ডির ভিটায় ঘুরতে আসা শংকরী বলেন, "এবার চিতলমারীর চন্ডির ভিটার নাম শুনে এখানে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য এসেছি। অনেক দেব-দেবীর প্রতিমা দেখলাম, খুব ভালো লাগলো।"
পিরোজপুর উপজেলার মালতি মজুমদার বলেন, "বিভিন্ন মাধ্যমে শুনেছি চন্ডির ভিটার পূজার কথা। এখানে এসে দেখলাম অনেক প্রতিমা নিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তাই মায়ের দর্শন নিতে এলাম, সত্যিই অসাধারণ, দেখে মুগ্ধ হয়েছি।"
চিতলমারীর চন্ডির ভিটা সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দেবাশিষ বিশ্বাস বলেন, "এবছর ২০০ প্রতিমা-বিগ্রহ নিয়ে এখানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ দর্শনার্থীর আগমন ঘটেছে এখানে। এছাড়া জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে সকলের সহযোগিতা আশা করছি।"
এছাড়া উপজেলার পাঁচপাড়া পঞ্চপল্লী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয় সর্বজনীন দুর্গা মন্দিরে ১৫১টি প্রতিমা দিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এবছর চিতলমারী উপজেলায় ১৪৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হাসান বলেন, "চন্ডির ভিটায় পূজামণ্ডপকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হিন্দু সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে শারদীয় দুর্গাপূজা উপভোগ করবেন।"
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, "উপজেলার ৭টি ইউনিয়নে এবছর ১৪৪টি দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ আমাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.