ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আত্রাই ডিজিএম মতবিনিময় করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পল্লী বিদ্যুতের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিএম কাজী মোছা: আয়শা সিদ্দিকা সরকার বিদ্যুতের লোডশেডিং, দৈনন্দিন চাহিদার বরাদ্দ ও সমস্যা সমাধানে তার গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, নওগাঁ থেকে আত্রাইয়ে আসা ৩৩ কেভি লাইনটি মাঠের মধ্য দিয়ে হওয়ায় লাইন ফল্ট হলে তা চেক করে বিদ্যুত চালু করতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
এ সমস্যা সমাধানে নওগাঁ-নাটোর রোডের পাশ দিয়ে ৩৩ কেভি লাইন রিবুটিং করে রাণীনগর ৩৩ কেভি ফিডারের সাথে ৫.৯০৮ কিলোমিটার ডাবল সার্কিট ও নতুন ১২.৮৩৬ কিলোমিটারসহ মোট ১৮.৭৪৪ কিলোমিটার লাইন নির্মাণের প্রস্তাব জিএম বরাবর উপস্থাপন করা হয়েছে। এই লাইনটি নির্মিত হলে আত্রাইবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, গ্রাহকের ভোগান্তি কমাতে নতুন মিটার প্রাপ্তির সকল কার্যক্রম অনলাইনে করা হয়েছে। একইসাথে গ্রাহকের সুবিধার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভাঙ্গাজাঙ্গাল স্থানে অভিযোগ কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় আত্রাইয়ের নামে নির্মিত গ্রিড থেকে ২টি নতুন ৩৩ কেভি ফিডার বের করার কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এজিএম রাজু হাসান, ওয়্যারিং পরিদর্শক শাহিনুর ইসলাম, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান প্রমুখ।
বক্তারা আত্রাইয়ে চলমান বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। একইসাথে ডিজিএম কর্তৃক গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.