আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
‘একটি ছায়া শক্তি সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তাই বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে টুকু বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্মভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোখ বের করে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে?’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থেকে ছায়া শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়া। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.