স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে দায়িত্ব পালনের সময় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বশির আহম্মদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
রবিবার দিনগত রাত ১২টার দিকে বড়বাড়িয়া হাড়িয়ার ঘাপ আমাদিনীর বাড়ির সামনে রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় উপ-পরিদর্শক বশির আহম্মদ বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১১, তারিখ: ২৯/০৯/২০২৫)।
ঘটনার পর হামলাকারী সন্দেহে ৩ আসামিকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তা সঞ্জয় মণ্ডল বলেন,
“রবিবার সন্ধ্যায় হাড়িয়ার ঘাপ আমাদিনীর বাড়ির সামনে সর্বজনীন দুর্গামন্দির এলাকায় আনসার সদস্য আল-আমিনকে সন্ত্রাসী হাফিজ শিকদার (পিতা: ওলিয়ার শিকদার) মারপিট করে। বিষয়টি আমি ওসি স্যারকে জানাই এবং তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে আমরা ঘটনাস্থলে অবস্থান করার সময় হাফিজ শিকদার (৩৭) ও তার ভাই ইলিয়াস শিকদারের (৪২) নেতৃত্বে তাদের লোকজন পুনরায় অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আরও দুই কর্মকর্তা আহত হই। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হাসান বলেন,“দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.