কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও একটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর গ্রামে।
গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শাওনের সঙ্গে হামলার শিকার হয়েছেন সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮) ও ফেরদাউস ঘরামী (১৯)।
জানা গেছে, ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে পূজা দেখতে গেলে রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়ার বিষয়কে কেন্দ্র করে রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাসের সঙ্গে কথাকাটাকাটি হয়। অভিযোগ, একপর্যায় ক্লিনটন বিশ্বাস ও তার সহযোগীরা তাদের মারধর করে এবং শাওনের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলে।
ঘটনার বিষয়ে শাওন বলেন, “মঙ্গলবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে রাজাপুরে পূজা দেখতে যাই। পথিমধ্যে ক্লিনটন বিশ্বাস আমাদের গালিগালাজ করে মারধর করে এবং আমার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।”
অন্যদিকে, ক্লিনটন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “শাওন ও তার বন্ধুরা আমাদের বাধা দিয়ে মারধর করেছে। আমাদের কোনো সহযোগী তার সঙ্গে মারামারি করেনি। অভিযোগ মিথ্যা।”

রামশীল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, “প্রত্যক্ষ বা লিখিত অভিযোগ পেলে ক্লিনটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.