ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ২২ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ অক্টোবর) ভোরে সদরপুর উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ আহরণের দায়ে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে ‘পূর্ব শ্যামপুর মাদ্রাসা’ এবং ‘দশহাজার মাদ্রাসা’-তে বিতরণ করা হয়।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.