আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে অবৈধ চায়না দুয়ারী জালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার দিকনগর এলাকায় পরিচালিত এ অভিযানে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
অভিযান শেষে জব্দ করা জাল উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, “অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, “চায়না দুয়ারী জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধন করে জলজ জীববৈচিত্র্য ধ্বংস করছে। স্থানীয় জেলেদের সচেতন করতে আমরা নিয়মিত প্রচারণা ও তদারকি চালিয়ে যাচ্ছি। প্রশাসনের এ ধরনের অভিযানের ফলে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা ইতোমধ্যে কমে এসেছে।”
তিনি আরও জানান, মৎস্য সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তারা মনে করেন, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মধুমতী নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন আবারও আগের অবস্থায় ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.