
ময়মনসিংহ প্রতিনিধি
ঢেঁড়স গাছে চড়ে ঢেঁড়স পাড়ার গল্প শুনে অনেকেই ভাবতে পারেন এটা নিছক কল্পকাহিনি। কিন্তু সত্যিই এমন একটি দৃশ্য এখন দেখা যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়। সেখানে এক কৃষকের বাড়িতে জন্মেছে ১৫ ফুট উঁচু এক ঢেঁড়স গাছ, যেটি দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বিলপাড় গ্রামের কৃষক আনোয়ার হোসেন আকন্দের বাড়ির উঠানে এই ব্যতিক্রমী ঢেঁড়স গাছটি রয়েছে। সাধারণ ঢেঁড়স গাছের উচ্চতা যেখানে ৪-৫ ফুট পর্যন্ত হয়, সেখানে এ গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট। পাতাগুলোও বেশ বড় ও খসখসে।
আরও অবাক করার বিষয়, সাধারণ ঢেঁড়স গাছ একবার ফলন দিয়ে মরে গেলেও এই গাছটি এখনো টিকে আছে এবং নিয়মিত ফলন দিচ্ছে। এতে কৃষি কর্মকর্তারাও বেশ আশ্চর্য হয়েছেন। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা গাছটি পরিদর্শন করেছেন এবং হর্টিকালচার বিশেষজ্ঞদের মাধ্যমে এর জাত ও বৈশিষ্ট্য যাচাইয়ের চেষ্টা চলছে।
কৃষক আনোয়ার হোসেন আকন্দ জানান, “দুই বছর আগে পাশের বাড়ি থেকে একটি ঢেঁড়স এনে আমার স্ত্রী চারা তৈরি করে বাড়ির উঠানে রোপণ করেছিলেন। প্রথমে ঢেঁড়স ধরার পর গাছটি শুকিয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু তা না হয়ে গাছটি ক্রমেই উঁচু হতে থাকে। গতবার গাছটিতে প্রায় ৪-৫ কেজি ঢেঁড়স পেয়েছি। এখন আবার নতুন দুটি গাছও জন্ম নিয়েছে, যেগুলোর উচ্চতাও ইতিমধ্যে ৫ ফুট।”
স্থানীয়রা জানান, প্রথমে গাছটিকে তারা “জঙ্গলী গাছ” ভেবে কাটতে চেয়েছিলেন, কিন্তু পরে দেখা যায় গাছটিতে কোনো রোগবালাই হয় না এবং খুব দ্রুত বাড়ে।
ফুলবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, “খবর পেয়ে আমরা গাছটি দেখতে গিয়েছি। এটি সাধারণ ঢেঁড়স গাছের তুলনায় অনেক উঁচু এবং বৈচিত্র্যময়। পাতাগুলো বড় ও খসখসে, নতুন ডালও বের হচ্ছে। ঢেঁড়স গাছ সাধারণত একবার ফলন দিয়ে মরে যায়, কিন্তু এ গাছটি ব্যতিক্রম। আমরা হর্টিকালচার বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.