তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, দোকান ভাঙচুর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুজ্জামান (২৬) কুমিরা এলাকার নুর ইসলাম গাজীর ছেলে। তিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে আশরাফুজ্জামানকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুজ্জামান এর আগেও ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান মেসার্স শেখ ট্রেডার্স-এ সরকারি চাল বিতরণ চলছিল। এ সময় আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাল নিতে আসেন। কিন্তু কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুজ্জামান প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করে, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে, এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন ডিলার হাফিজুর রহমান।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,“ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুজ্জামানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.