শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাই হত্যার মামলায় আপন চাচাসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চরসুবুদ্ধি গ্রামের আব্দুল আউয়াল (৭০), পিতা মৃত কালা গাজী; তার মেয়ে শাহানাজ বেগম (৩২) এবং জামাতা শিপন শিকদার (৩৫), পিতা অহেদ শিকদার, সাং তবিরকাঠি, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেন, এসআই জামিরুল ইসলাম, এএসআই জিয়াউল হক ও এএসআই দীপক কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল এবং ঘটনাস্থল থেকে ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের লোকজন হামলা চালায়। এতে ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬) গুরুতর আহত হন। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মামলাটি রায়পুরা থানায় ১৪৩/৪৪৭/৩০৭/৩২৬/৩০২/৪২৭/৩৪ ধারায় (পেনাল কোড ১৮৬০) নথিভুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.