রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা স্টেডিয়াম মাঠে দেড় হাজার অসহায়, দরিদ্র ও এতিম শিশুকে দুপুরের খাবারের মেহমানদারি করেছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্টেডিয়াম মাঠে আয়োজনটি করা হয়। এতে অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া ট্রু ইউ ক্লাব।
খুলনার বিভিন্ন এলাকা থেকে দাওয়াত খেতে স্টেডিয়ামে আসেন শিশু ও তাদের অভিভাবকরা। খাবার পেয়ে অনেকেই তৃপ্তি প্রকাশ করেন।
রূপসার শারীরিক প্রতিবন্ধী সুমন হুইলচেয়ারে করে এসেছিলেন মেহমান হয়ে। তিনি বলেন, ‘দুপুরের মেহমানদারি অনেক ভালো হয়েছে। তাদের জন্য দোয়া করি—তারা যেন আরও ভালো থাকে।’
খুলনা রেলস্টেশন বস্তি থেকে আসা আমেনা বেগম জানান, ‘এই মেহমানদারি খুব সুন্দর ছিল। খাবারের স্বাদও ভালো লেগেছে।’
মারকাজুল উমুল মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ বলেন, ‘মাদরাসার ২১০ জন এতিম ও অসহায় ছাত্র নিয়ে এসেছি। এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। সমাজের ধনীবিত্তবানরা এভাবে এগিয়ে এলে অনেক মানুষের উপকার হবে।’
ট্রু ইউ ক্লাবের ভলানটিয়ার এস এম ইমরান হাসান বলেন, ‘খুলনা ফুড ব্যাংকিংয়ের সঙ্গে আলোচনা করেই আমরা এই আয়োজন করেছি। সবাইকে একবেলা খাবার খাওয়াতে পেরে ভালো লাগছে।’
ফুড ব্যাংকিং খুলনার সংশ্লিষ্টরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিতই খাবারের ব্যবস্থা করছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.