দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে দুমকি উপজেলা বিএনপির আলতাফ হোসেন সমর্থিত গ্রুপ।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুমকি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, গত ২৭ নভেম্বরের সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। তাঁরা দাবি করেন, আলতাফ হোসেন চৌধুরী দলের একজন দুর্দিনের পরীক্ষিত নেতা। তিনি রাজনৈতিক জীবনে ২৫টি মামলা, বহু হামলা এবং ১/১১ সহ একাধিকবার দীর্ঘ কারাভোগ সহ্য করেও কর্মীদের থেকে বিচ্ছিন্ন হননি।
তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় দলীয় হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়ে বক্তারা জেলা বিএনপির নেতাদের প্রতি সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.