ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় স্থানীয় জনদুর্ভোগ লাঘব ও সহজ চলাচলের সুবিধার্থে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়ন এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় নির্মিত এই সেতুটি আজ সোমবার বিকেলে পোড়াকান্দুলিয়া থেকে বরগাছা (মাতবর বাড়ি) সংযোগ সড়কের ওপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সেতু নির্মাণের ফলে এই এলাকার প্রায় ৭টি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকাবাসীর দৈনন্দিন চলাচল, সামাজিক কার্যক্রম এবং স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্থানীয় মানুষের সুবিধার কথা চিন্তা করে আলহাজ্ব সালমান ওমর রুবেল যেভাবে নিজ উদ্যোগে উন্নয়নমূলক কাজে নেতৃত্ব দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ এলাকাবাসীর বহুদিনের দুর্ভোগ দূর করার পাশাপাশি উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব সালমান ওমর রুবেল দীর্ঘদিন ধরে ধোবাউড়া এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়নসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজে নিরলসভাবে অবদান রেখে আসছেন।
উদ্বোধন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

