রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে এবার ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ নিল জামায়াতে ইসলামী। দলটির মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়ার চুকনগর এলাকার পরিচিত ব্যবসায়ী ও জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। বুধবার (৩ ডিসেম্বর) খুলনা জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক অঙ্গনের অনেকে বলছেন, সংখ্যালঘু অধ্যুষিত আসনে জামায়াতের এমন পদক্ষেপ স্থানীয় নির্বাচনী সমীকরণ নতুনভাবে সাজাবে।
কৃষ্ণ নন্দী দীর্ঘদিন চুকনগর বাণিজ্যিক এলাকায় ব্যবসা পরিচালনা করছেন। ওই এলাকায় তাঁর বাড়ি ও একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়দের কাছে তিনি ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিত। অতীতে আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও গণঅভ্যুত্থানের পর তিনি ঘনিষ্ঠ হন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা–৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে। বিভিন্ন সভা-সমাবেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে তাঁর উপস্থিতি চোখে পড়ে।
মনোনয়ন ঘোষণার পর কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে বলেন,
“জামায়াত প্রথমবারের মতো আমাকে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এটি আমার জন্য বড় সম্মান। আমি বিশ্বাস করি, জনগণ আমাকে সমর্থন দেবে।”
আগামীকাল থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন। দাকোপ–বটিয়াঘাটা অঞ্চলের গ্রাম-জনপদে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষ্ণ নন্দীর মনোনয়ন এ আসনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জামায়াতের প্রার্থী মনোনয়নে ভোট রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ হতে পারে বলে তারা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.