জামালপুর প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে পিয়ারপুর রেলওয়ে ষ্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর সদর উপজেলার পিয়ার এলাকায় পৌছলে ‘ঢ’ ও ‘ণ’ নম্বর দুটি কোচের সংযোগস্থলের নাট খুলে কোচ দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি ট্রেন চালক কামরুজ্জামান বুঝতে পেরে ট্রেন থামান। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেন। কিছু যাত্রী বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পরে ময়মনসিংহ থেকে রেলওয়ের টেকনিশিয়ান গিয়ে মেরামত করে। মেরামত শেষে ১ ঘন্টা ৪০ মিনিট পর ট্রেনটি সকল কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে দুটি কোচ বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে টেকনিশিয়ান এসে মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে ১ ঘন্টা ৪০ মিনিট বিলম্ব হয়।

